ময়মনসিংহে ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় কম্বলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরকালীবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন মো. শরিফুল ইসলাম (২৬) ও  মো. ইসমাইল মোল্লা (৩০)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল আনুমানিক ৮টার দিকে নগরীর চরকালীবাড়ি এলাকায় শম্ভুগঞ্জ টোল প্লাজা-সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর স্থাপিত চেকপোস্টে অভিযান চালানো হয়। এসময় একটি মিনি পিকআপ চেকপোস্ট পার হওয়ার সময় গতিরোধ করে র‌্যাব সদস্যরা। পরে মিনি পিকআপটি তল্লাশি করে ৪৩ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। এসময় মো. শরিফুল ইসলাম ও মো. ইসমাইল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা কম্বলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।