অপ্টার সুপার কম্পিউটারের মতে ২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে যে দল

ফুটবল বিশ্বকাপ ২০২৬'র বাছাই পর্বের অনেকটা ধাপ শেষ হয়েছে। এরই মধ্যে নিশ্চিত হয়েছে বিশ্বকাপের ৪২ দল। বাকি ছয় দল নিশ্চিত হবে প্লে-অফের মাধ্যমে। যার চারটি আসবে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ থেকে আর বাকি দুটি দল নিশ্চিত হবে আন্তমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে।

ফিফা জানিয়েছে এই ৫ ডিসেম্বর, বিশ্বকাপ ফুটবল ২০২৬'র ড্র অনুষ্ঠিত হবে। ড্র হওয়ার আগে অপ্টার সুপার কম্পিউটার জানিয়েছে, বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কোন কোন দলের বেশি।

অপ্টার সুপার কম্পিউটার ২০২২ সালের বিশ্বকাপ নিয়ে জানিয়েছিল, আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। হয়েছেও তাই। এবার কি তাহলে মিলবে সুপার কম্পিউটারের প্রেডিকশন।

স্পেন: ইউরো ২০২৪ জিতেছে স্পেন। গেল বছর হওয়া ইউরোতে স্পেন তাদের সাত ম্যাচের ছয়টি জিতেছে ৯০ মিনিটের মধ্যে। পুরো টুর্নামেন্টে স্পেন করে ১৫ গোল। তার চেয়ে বড় কথা স্পেন জাতীয় দল শেষ ৩১ ম্যাচে আছে অপরাজিত (পেনাল্টিতে যাওয়া ম্যাচ বাদে)।

এমন পরিসংখ্যানের আলোকে অপ্টার সুপার কম্পিউটার বলছে স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৭ শতংশ।

ফ্রান্স: দিদিয়ের দেশমের কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ সালেও ফাইনালে উঠেছিল ফরাসিরা। তবে আর্জেন্টিনার কাছে তারা হারে টাইব্রেকারে। এবার ২০২৬ বিশ্বকাপেও ফ্রান্স ফেবারিটদের তালিকায় আছে উপরের দিকেই। সুপার কম্পিউটারও দিচ্ছে তেমনই হিসেব।

অপ্টার সুপার কম্পিউটার বলছে, ফ্রান্সের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৪.১ শতাংশ।

ফ্রান্সের জন্য তুরুপের তাস হতে পারেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন এমবাপ্পে। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হতে তার প্রয়োজন আর দুটি গোল।

বিশ্বকাপের দুই আসরে ১২ গোল করা হয়ে গেছে এমবাপ্পের। এবারের বিশ্বকাপে আর চারটি গোল করলেই মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভাঙবেন এমবাপ্পে।

ইংল্যান্ড: সুপার কম্পিউটারের হিসেবে যে তিনটি দেশের ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি তার একটি হলো ইংল্যান্ড। তাদের জয়ের সম্ভাবনা বলা হচ্ছে ১১.৮ শতাংশ।

ইংলিশদের বর্তমান কোচ টমাস টুখেল। এবার বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলে কে গ্রুপে আট ম্যাচের সবগুলো জেতে ইংল্যান্ড। ক্লিন শিটও ছিল সব ম্যাচেই। তারা আট ম্যাচে গোল করেছে ২২টি। ইংলিশদের গ্রুপে ছিল আলবেনিয়া, সার্বিয়া, লাটভিয়া ও অ্যান্ডোরা।

আর্জেন্টিনা: বর্তমান বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা। মেসি ২০২২ বিশ্বকাপকে নিজের করে নিয়েছিলেন দারুণ পারফরম্যান্সে। তিনি আসছে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন এমনটি ধারণা করা হচ্ছে। তবে গেল আসরে ৭ গোল করে গোল্ডেন বল জেতা মেসি এবার দলকে কতটুকু সহায়তা করতে পারেন তা দেখার।

আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সময় মেসির বয়স ৩৯ হবে। তিনি কি পারবেন দলের হয়ে দ্বিতীয় বিশ্বকাপ জেতাতে? কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষেই ছিল আর্জেন্টিনা। ২০২৪ সালে কোপা আমেরিকাও জিতেছে টানা দ্বিতীয়বারের মতো।

তবু এবার বিশ্বকাপ জয়ী হিসেবে সুপার কম্পিউটারের ফেবারিটের তালিকায় আর্জেন্টিনা আছে চার নম্বরে। তাদের জয়ের সম্ভাবনা দেখানো হচ্ছে ৮.৭ শতাংশ।

জার্মানি: বিশ্বকাপ জয় করতে পারে ২০২৬ সালে, সুপার কম্পিউটারের সেই সম্ভাবনায় দেশের তালিকায় জার্মানি আছে ব্রাজিলেরও আগে। যদিও ২০২৪ ইউরোতে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল জার্মানি। তবে বল পজিশনিংয়ে জার্মানি ছিল সেই টুর্নামেন্টে দ্বিতীয় সেরা।

তবু সুপার কম্পিউটার জার্মানির বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছে ৭.১ শতাংশ।

পর্তুগাল: ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২৬ বিশ্বকাপ খেলতে কতটা মরিয়অ তা এই কিংবদন্তির ফিটনেস দেখেই বোঝা যায়। কিছুদিন আগে আল নাসরের হয়ে একটি বাইসাইকেল গোলও করেন তিনি। তার আগে রোনালদো শিরোনাম হন, বিশ্বকাপের বাছাইপর্বে লাল কার্ড দেখে।

শঙ্কা ছিল রোনালদো বিশ্বকাপে খেললে গ্রুপ পর্বের তিন ম্যাচ নিষিদ্ধ হবেন। তবে ফিফা রোনালদোর নিষেধাজ্ঞা স্থগিত করেছে। তাই আবারও রোনালদো ভক্তরা দেখছেন স্বপ্ন।

পর্তুগাল দারুণ এক দল। ভিতিনহা, জোয়াও নেভেস এবং নুনো মেন্ডেস গেল মৌসুমটা দারুণ কাটিয়েছেন পিএসজির হয়ে। রবেন দিয়াস, বার্নার্দো সিলভা এবং ব্রুনো ফার্নান্দেজরাও বেশ অভিজ্ঞ।

এসব বিবেচনায় সুপার কম্পিউটার বলছে, পর্তুগালের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৬.৬ শতাংশ।

ব্রাজিল: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় ব্রাজিল থাকবে না এমনটি বোধ হয় কল্পনাও করতে পারেন না ফুটবল সমর্থকরা। তবে অপ্টার কম্পিউটার এবার ব্রাজিলকে ফেভারিটের তালিকায় রাখলেও তাদের অবস্থান বা সম্ভাবনার হার আপাতত কমই বলছে অপ্টার সুপার কম্পিউটার।

এর পেছনে অন্যতম কারণ হতে পারে বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে ব্রাজিলের পঞ্চম স্থানে শেষ করা। এছাড়া ভিনিসিয়ুস ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ খেললেও ব্রাজিল দলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না।

তবে এখন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তার অধিনে ব্রাজিল গ্রুপ পর্ব পেরোনোর পর নকআউটে ভালো করলে বিশ্বকাপ হাতে উঠতে পারে সেলেসাওদের।

ডার্ক হর্স হতে পারে যারা

তিনবার বিশ্বকাপে রানার্সআপ হয়েছে নেদারল্যান্ডস। ২০২৪ ইউরোতে তারা সেমিফাইনালে খেলেছে। তাই অপ্টার সুপার কম্পিউটার ৫ শতাংশ সম্ভাবনা দেখছে নেদারল্যান্ডসের বিশ্বকাপ জেতার।

নরওয়েকে বলতে গেলেই একাই বিশ্বকাপের মূলপর্বে নিয়েছেন আর্লিং হালান্ড। ডার্ক হর্স হিসেবে নরওয়ের নামটাও আছে। এছাড়া বেলজিয়াম, কলম্বিয়া, ক্রোয়েশিয়া ও মরক্কোর নামও আছে অপ্টার সুপার কম্পিউটারের ডার্ক হর্স এর তালিকায়।