চীনা এআই স্টার্টআপ ডিপসিক তাদের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মডেল ডিপসিক-ভি ৩.২-স্পেশাল উন্মোচন করেছে, যা নির্দিষ্ট ক্ষেত্রে গুগল ডিপমাইন্ডের নতুন জেমিনি ৩ প্রো–এর সমমানের পারফরম্যান্স দিচ্ছে বলে দাবি করা হচ্ছে। উন্নত সেমিকন্ডাক্টর চিপসের সীমিত প্রাপ্যতা সত্ত্বেও এই অর্জন এআই গবেষক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ভি ৩.২-স্পেশাল যুক্তিতর্ক নির্ভর কাজগুলোতে জেমিনি ৩ প্রো–এর সমান সক্ষমতা দেখিয়েছে। একই দিনে প্রকাশিত এর বেস মডেল ভি ৩.২ পারফরম্যান্সে ওপেনএআই–এর আগস্টে প্রকাশিত জিপিটি-৫ এর সমকক্ষ।
উল্লেখযোগ্যভাবে,ভি ৩.২-স্পেশাল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড টেস্টে স্বর্ণপদক মানের স্কোর অর্জন করেছে। যা এতদিন কেবল ওপেনএআই ও গুগল ডিপমাইন্ডের অপ্রকাশিত অভ্যন্তরীণ মডেলগুলো করতে পেরেছিল।