ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন কুশনার ও উইটকফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার (২ ডিসেম্বর) মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধের অবসানে ট্রাম্পের নতুন উদ্যোগের অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। 

এর আগে সপ্তাহান্তে ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তিতে ভূমিকা রাখা কুশনার ও উইটকফ এখন ইউক্রেন ইস্যুতে মনোযোগী। বৈঠক শেষে ট্রাম্প বলেন, 'চুক্তির ভালো সম্ভাবনা আছে' ।  

গত মাসে যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে একটি শান্তি প্রস্তাবে সমর্থন জানালেও পুতিন একে আলোচনার জন্য তোলা বিষয়গুলোর তালিকা বলে উল্লেখ করেছেন। ট্রাম্প দাবি করেছেন,অল্প কিছু বিষয়ে মতভেদ রয়েছে। 

প্রাথমিক ২৮ দফার মার্কিন পরিকল্পনাটি পরিবর্তিত হয়েছে বলে জানান ট্রাম্প। তবে ইউরোপের দৃষ্টিতে এসবকে ছাড় হিসেবে দেখা হচ্ছে না। দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড ফেরত দেওয়ার দাবি বজায় রেখেছে পশ্চিমা দেশগুলো।

ইউক্রেনও নিরাপত্তা নিশ্চয়তা চাইছে, যদিও রাশিয়া ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। আলোচনায় থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, 'আমরা শুধু যুদ্ধ থামাতে চাই না, ইউক্রেনকে দীর্ঘমেয়াদে নিরাপদ ও সমৃদ্ধ করতে চাই'