ব্রাজিল সুপারস্টার নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে আবারও মুখ খুললেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি পরিস্কার বলে দিয়েছেন- ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল জাতীয় ফুটবল দলে জায়গা পেতে হলে তাদেরকে শতভাগ ফিট থাকতে হবে। এমনকী ৯০ শতাংশ ফিট থাকলেও বিশ্বকাপ দলে জায়গা হবে না।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘এসপোর্তে রেকর্ড’কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘নেইমারকে ১০০ শতাংশ ফিট থাকতে হবে। বিষয়টি শুধু তার জন্য নয়, ভিনিসিয়ুসের ক্ষেত্রেও একই নিয়ম। যদি কেউ ৯০ শতাংশ ফিট থাকে, আরেকজন ১০০ শতাংশ ফিট খেলোয়াড় থাকলে তাকেই দলে নেওয়া হবে। কারণ আমাদের আক্রমণভাগে অনেক যোগ্য খেলোয়াড় আছে।’
গত দুই বছর ধরে চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি তার। বর্তমানে তিনি বাম হাঁটুর মেনিস্কাস সমস্যায় ভুগছেন, যা সারাতে বছরের শেষে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। সম্প্রতি তিনি চোট নিয়েই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন। গোল এবং অ্যাসিস্ট করে দলকে অবমনমন অঞ্চল থেকে নিরাপদে উঠিয়ে আনেন।
এর আগেও গুরুতর চোটের শিকার হয়েছিলেন ৩৩ বছর বয়সী এই তারকা। দুই বছর আগে বাম হাঁটুর এসিএল ও মেনিস্কাস পুনর্গঠনের জন্য তাঁর অস্ত্রোপচার হয়েছিল। চোট প্রসঙ্গে নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার অসাধারণ প্রতিভা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বারবার চোট তার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই চোটগুলোর কারণেই সে তার ফিটনেস ঠিক রাখতে পারেনি।’