গ্রাম আদালতকে আরও কার্যকর করার উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যকর ভাবে পরিচালিত হলে উচ্চ আদালতে মামলা জট কমবে এবং বিচার প্রার্থীরা স্বল্প খরচে ও স্বল্প সময়ে ন্যায়বিচার পেতে সক্ষম হবেন।
সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম চলছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৬ হাজার ১৬৬টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৫ হাজার ৯৬৫টি নিষ্পত্তি করা হয়েছে। নারী মামলা নিষ্পত্তি হয়েছে এক হাজার ৬৫১টি। এ সময় সাত কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৩৯৩ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে এবং প্রায় এক হাজার ৫৭ শতক জমি পুনরুদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ২ লাখ টাকা।
স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক লুৎফর রহমান, প্রকল্পের জাতীয় সমন্বয়ক বিভাষ চক্রবর্তী ও লিগ্যাল এনালিস্ট অ্যাড. মশিউর রহমান চৌধুরী গ্রাম আদালত বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।