এক মাসের অবকাশ ছুটিতে অধস্তন আদালত

সারাদেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ আদালতসহ অধীনস্থ সব আদালতে বার্ষিক অবকাশকালীন ছুটি আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। তবে এ ছুটির আওতার বাইরে থাকবে সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে নিম্ন আদালতগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি মামলা নিষ্পত্তির জন্য আদালতের সংশ্লিষ্ট কিছু বেঞ্চের কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খানকে জরুরি মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৮, ৯, ১০, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আগামী ৯, ১০, ১১, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর অবকাশকালীন জরুরি মামলা নিষ্পত্তি করবেন। এছাড়া সকল জেলা ও দায়রা জজ অবকাশ সময়ে প্রতি সপ্তাহে এক দিন করে আদালতের বিচারিক কার্যক্রমের দায়িত্ব পালন করবে। অবকাশ ছুটিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল ও বিশেষ জজ আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।