‘ইমরান খান পুরোপুরি সুস্থ’ জানালেন তার বোন

আদিয়ালা কারাগারে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর তার বোন উজমা খানম বলেন, ‘ইমরান পুরোপুরি সুস্থ’।

উজামার বক্তেব্যের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজবের অবসান ঘটে বলে জানিয়ে দেশটির সংবাদ মাধ্যম ডন।

মঙ্গলবার কারা কর্তৃপক্ষ উজামাকে তার ভাই ও সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়। উজমার সঙ্গে ছিলেন অসংখ্য পিটিআই সমর্থক। এ সময় তারা সকলেই কারাগারের বাইরে জড়ো হন।

সাক্ষাত শেষে স্বল্প বক্তব্যে উজমা বলেন, ‘ইমরান খানের স্বাস্থ্যের কোনো সমস্যা নেই, তিনি পুরোপুরি সুস্থ। তবে তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন এবং বলেছেন তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।’

তিনি জানান, তার ভাইকে সারাদিন ঘরের ভেতরেই রাখা হয়, বাইরে যাওয়ার সুযোগ সামান্য। কারও সঙ্গে যোগাযোগেরও সুযোগ নেই ইমরানের। সাক্ষাৎটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় বলে তিনি জানান।

ইমরানের সঙ্গে সাক্ষাতের ওপর আরোপিত বিধিনিষেধের প্রতিবাদে পিটিআই মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট এবং আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ করার পর উজামা খান দেখা করার অনুমতি পান।

দলটি অভিযোগ করেছে, গত কয়েক সপ্তাহ ধরে পরিবার ও দলীয় নেতাদের ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী সুহেইল আফ্রিদির দাবি অনুযায়ী, ২৭ অক্টোবর থেকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি।

পিটিআইয়ের বিক্ষোভের আগেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়। এই আইনি বিধান জেলা প্রশাসনকে নির্দিষ্ট সময়ের জন্য চার বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা দেয়।