জকসু নির্বাচনে আচরণবিধি ভঙ্গ: শিবির সভাপতি ও সেক্রেটারিকে শোকজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫কে সামনে রেখে নির্বাচনী বিধি লঙ্ঘন ও নির্বাচন কমিশন সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে শিবিরঘনিষ্ঠ প্যানেলের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শোকজ নোটিশ পেয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি পদে প্রার্থী মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী আব্দুর আলিম আরিফ। দু’জনই বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উক্ত প্যানেলের কয়েকজন প্রার্থী জকসুর প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে উসকানিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য দেন। এটি জকসু ও হল সংসদ পরিচালনা–বিধিমালা ২০২৫ এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে এবং আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে—অন্যথায় নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, “শুধু শিবিরের প্যানেল নয়, আরও কয়েকজন কমিশনকে উদ্দেশ্য করে অযাচিত মন্তব্য করেছেন—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর আগে যাদের শোকজ করা হয়েছিল, সেখানে বিজ্ঞপ্তিতে সামান্য ভুল থাকায় তাদেরকে পাঁচ কর্মদিবস সময় দেওয়া হয়েছিল।”