রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজ প্রশাসন বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও স্থানীয় প্রশাসনকে অবহিত করে।
একই সঙ্গে নির্বাচন আয়োজনের অনুমতির জন্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়। শিক্ষার্থীদের জোরালো দাবির মুখে কলেজ কর্তৃপক্ষ নিচের রোডম্যাপ ঘোষণা করে।
নির্বাচনী রোডম্যাপের সময়সূচি
১. আইডি কার্ড নিশ্চিতকরণ: প্রথম ধাপ আগামী ১১ ডিসেম্বর ২০২৫
২. খসড়া ভোটার তালিকা: ছবিযুক্ত খসড়া ভোটার তালিকা ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রস্তুত করা হবে
৩. নির্বাচন কমিশন গঠন: মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া মাত্রই নির্বাচন কমিশন গঠন করা হবে
৪. চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন গঠনের দুই সপ্তাহের মধ্যে ছবিযুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে
5. তফসিল ঘোষণা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা
6. ভোটগ্রহণ ও ফলাফল: তফসিল ঘোষণার ২০ দিনের মধ্যে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ
বিশেষ সতর্কতা ও নির্দেশনা
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘোষিত সময়ের আগেই যদি মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া যায়, তবে রোডম্যাপ সংশোধন করে সময় এগিয়ে আনা হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত অনুমতি আদায় করতে কলেজ প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়।
এদিকে আন্দোলনের মধ্যেই দীর্ঘ প্রতীক্ষার পর কাকসু নির্বাচনের এমন সুস্পষ্ট ঘোষণা আসায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও স্বস্তি দেখা গেছে। অনেকেই মনে করছেন- তাদের আন্দোলন সফল হয়েছে।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো।
এখন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন, যেন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়।” তিনি এসময় গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।