মিশ্র প্রতিক্রিয়ায় মাধুরী

সিনে দুনিয়ায় নায়ক-নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে বিতর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরেই অভিযোগ, অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা পান কম পারিশ্রমিক, কম সুযোগ-সুবিধাও। সম্প্রতি আট ঘণ্টার শুটিং শিফট দাবি করে বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন দীপিকা পাড়–কোন। এতে সিনেমা হাতছাড়া হয়ে গেলেও ‘পুরুষতান্ত্রিক ফিল্মিদুনিয়া’কে নাড়িয়ে দেন রণবীর সিংপতœী। এ ঘটনার পর বলিউডের অনেক অভিনেত্রীই দীপিকার পক্ষে কথা বলার পাশাপাশি নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোরও দাবি তোলেন। এবার সংশ্লিষ্ট বিষয়ে নিজস্ব মতামত ব্যক্ত করে নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর জন্য সোচ্চার মাধুরী দীক্ষিত। ‘ধক-ধক’গার্লখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, পারিশ্রমিক বৈষম্য প্রতিটা করপোরেট সেক্টরে দেখা যায়।’

তবে তার বক্তব্য ঘিরে এবার দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চলছে ঠা-া বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মাধুরীর পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন তারকারাই যখন সমতার কথা বলেন, তখন ইন্ডাস্ট্রি আরও বড় পরিবর্তনের মুখ দেখবে। পারিশ্রমিক বৈষম্য নিয়ে মাধুরী বলেন, ‘এই বৈষম্য বহুদিনের। সবাই অনেক দিন ধরেই এ বিষয়ে লড়ে যাচ্ছেন। নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোই উচিত। আমি বলছি না, পুরুষদের তুলনায় বেশি দিতে হবে। কিন্তু কোথাও একটা সমতা তো থাকা দরকার।’

এতেই শেষ নয়। দীপিকা পাড়–কোনের দাবি করা আট ঘণ্টার প্রসঙ্গ তুলে নন্দিত এই বলিউড অভিনেত্রী বলেন, ‘মিসেস দেশপাণ্ডে’ ছবির শুটিংয়ে আমরা প্রতিদিনই ১২ ঘণ্টা কাজ করতাম, তার থেকেও বেশি হতে পারে। আমি কাজপাগল মানুষ, তাই বিষয়টাকে অন্যভাবে দেখি। তবে কেউ যদি বলেন, ‘আমি এত ঘণ্টাই কাজ করতে চাই’, তা বলার মতো অবস্থানে তিনি আছেন বলেই বলছেন। সেই নায়িকার জন্য আরও শক্তি কামনা করি। দীপিকার সঙ্গে সুর মিলিয়ে মাধুরীর আরও সংযোজন, ‘নির্দিষ্ট সময় বেঁধে কাউকে জোর করা উচিত নয়। কাজের সময় বেছে নেওয়া প্রত্যেকের ব্যক্তিগত অধিকার।’ বলিউডে ক্যারিয়ারের শুরু থেকেই মাধুরী ছিলেন প্রথমসারির নায়িকা। অনিল কাপুর, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, সালমান খান, আমির খান প্রায় সব শীর্ষ নায়কের সঙ্গেই কাজ করেছেন তিনি।