আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সংগীত প্রকল্প ‘বোম্বে এক্সপেরিয়েন্স’। এতে কার্নাটিক রিদমের নিখুঁত সুশৃঙ্খলতা, ভারতীয় হিপ-হপের প্রকাশমুখী শক্তি এবং সমসাময়িক জ্যাজ স্বাধীনতার মধ্যে সেতুবন্ধ তৈরি করবে। ‘বোম্বে এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৭টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযোদ্ধা জাদুঘর অডিটোরিয়ামে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা সেন্টারে হবে একটি মাস্টারক্লাস। যেখানে অ্যালেক্সন্দ্রে হের, বি. সি. মঞ্জুনাথ এবং মানমীত কউর সরাসরি উপস্থিত থেকে তাদের কাজের ধরন ও সৃজনশীল যাত্রা সম্পর্কে গভীরভাবে আলাপ করবেন। এতে অংশগ্রহণকারীরা শিল্পীদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার সুযোগও পাবেন।
এই বিশেষ সংযোগটি আন্তর্জাতিক এবং ভারতীয় শিল্পীদের একত্র করবে ঢাকার মঞ্চে। যেখানে থাকছেন ফরাসি পিয়ানো বাদক অ্যালেক্সন্দ্রে হের, যিনি ছন্দগত কাঠামো ও ক্রস-জনরা কম্পোজিশনের জন্য পরিচিত; ফরাসি ড্রামার পিয়েরে মঞ্জার্ড, যিনি তার বহুমুখী ও প্রাণবন্ত পরিবেশনার জন্য খ্যাত; এবং ফরাসি ব্যাস প্লেয়ার গায়েল পেত্রিনা যিনি সংগীতকে আরও ছন্দময় ও প্রাণবন্ত করেন; বি. সি. মঞ্জুনাথ, যিনি মৃদঙ্গম এবং কনকলের আভিজাত্যপূর্ণ শিল্পী এবং শাস্ত্রীয় ও সমসাময়িক সংগীতের জগতে তার দক্ষতার জন্য পরিচিত এবং মানমীত কউর, একজন উদ্ভাবনী র্যাপার যার অন্তর্মুখী ও সামাজিকভাবে সচেতন কবিতা ভারতের হিপ-হপ পরিপ্রেক্ষিতকে নতুন দিশা দিয়েছে।
কউর তার শক্তিশালী লিরিকের মাধ্যমে, পুঁজিবাদ, দৃঢ়রূপে প্রতিষ্ঠিত রীতিনীতি এবং মানবিক বৈপরীত্যগুলোকে প্রশ্নবিদ্ধ করেন, পাশাপাশি প্রতিরোধশীলতা, আন্তরিকতা এবং দৈনন্দিন জীবনের সৌন্দর্য উদযাপন করেন। এদিকে মুম্বাই ভ্রমণের সময় সেখানকার প্রাণবন্ত র্যাপ ও বিটবক্স সংস্কৃতির সঙ্গে পরিচিত হন ফরাসি জ্যাজ সুরকার আলেক্সন্দ্রে হের। সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় ‘বোম্বে এক্সপেরিয়েন্স’।