মোনাজাতে শেষ হলো টঙ্গীর ৫ দিনের জোড় ইজতেমা

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

গতকাল মঙ্গলবার দোয়ায় অংশ নেন প্রায় দুই লাখ মুসল্লি। সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। ‘আমিন আমিন’ ধ্বনিতে কম্পিত হতে থাকে সমগ্র টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। দোয়ার সময় ময়দান জুড়ে মুসল্লিদের কান্নার রোল পড়ে যায়। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মুখপাত্র মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দেশসমূহ হলো পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিসর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

৫ দিনের জোড় ইজতেমায় লাখো চিল্লাধারী মুসল্লি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ইবাদত বন্দেগিতে মশগুল থেকে প্রতিটি মুহূর্ত পার করেছেন।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মুখপাত্র ও মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এ জোড় থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে ২/৩/৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য বের হবেন। আর বাকিরা নিজ নিজ মহল্লা বা জেলায় প্রত্যাবর্তন করে জোড়ের জন্য মেহনত শুরু করবেন।

নিয়ম অনুযায়ী পুরানাদের জোড়ের ৪০ দিন পরে টঙ্গী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সরকারি সিদ্ধান্ত মোতাবেক এবারের জাতীয় নির্বাচনের কারণে তা নির্বাচনের পর আয়োজিত হবে। উল্লেখ, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।