স্বাস্থ্যের সাবেক এডিজি দিলু আরা বেগমের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. দিলু আরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. দিলু আরা বেগম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল গ্রামের মৌলভীবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ইসলামপুর উপজেলায় তিনিই প্রথম নারী এমবিবিএস চিকিৎসক, যা তৎকালীন সমাজ বাস্তবতায় তার জন্মস্থান ইসলামপুর উপজেলা ও এর আশপাশের আরও বহু জনপদের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ বা চিকিৎসার মতো সৎ পেশাকে বেছে নিতে অনুপ্রাণিত করেছে। ডা. দিলু আরা বেগমের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক শোকবার্তায় এসব কথা বলা হয়। বিজ্ঞপ্তি