অন্তর্বর্তী সরকারের বৈধতার রিট খারিজের আপিলের শুনানি চলছে

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে রিট খারিজের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি চলছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগে এই শুনানি হয়। এই মামলায় ইন্টারভেনর হিসেবে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া, রুহুল কুদ্দুস কাজল ও মোহাম্মদ শিশির মনির। আজ বুধবার সংশ্লিষ্ট বিষয়ে আবারও শুনানি হবে। ইতিমধ্যে রিটকারীপক্ষ হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ শুনানি শেষ করেছেন। 

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রাষ্ট্রপতির রেফারেন্স ও মতামত প্রক্রিয়া নিয়ে গত বছরের ডিসেম্বরে রিট আবেদনটি করেন আইনজীবী মহসিন রশিদ। আবেদনের যুক্তিতে তিনি বলেন, যে বিষয় (অন্তর্র্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) সংবিধানে নেই, সে বিষয়ে রেফারেন্স চাওয়া যায় না। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, রেফারেন্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রুলস অনুসরণ করতে হয় কিন্তু তা করা হয়নি। শুনানি নিয়ে গত ১৩ জানুয়ারি আবেদনটি সরাসরি খারিজের আদেশ দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এরপর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছায় সমর্থিত। এরপর হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে রিটকারীপক্ষ।