বিতর্কিত দ্বীপপুঞ্জে মুখোমুখি চীনা ও জাপানি নৌযান

সম্প্রতি পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে সংঘটিত সামুদ্রিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে  চীন ও জাপানের কোস্ট গার্ড ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে।
 
চীনের কোস্ট গার্ড দাবি করেছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) একটি জাপানি মাছ ধরার নৌকা তাদের কথিত আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে ঢুকে পড়ায় চীনা জাহাজগুলো প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়। অন্যদিকে জাপানের কোস্ট গার্ড বলছে, দুটি চীনা টহল জাহাজ তাদের জলসীমায় প্রবেশ করায় তারা সতর্ক করে তাড়িয়ে দেয়, এ সময় একটি জাপানি টহল জাহাজ ওই মাছ ধরার নৌকার নিরাপত্তা নিশ্চিত করে, যতক্ষণ না চীনা জাহাজগুলো সরে যায়।  

জনমানবহীন সেনকাকু/দিয়াউই দ্বীপপুঞ্জ বহুদিন ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক বছরগুলোতে চীন এই এলাকায় বারবার জাহাজ পাঠাচ্ছে, যা জাপানের নিয়ন্ত্রণ পরীক্ষা করার প্রচেষ্টা বলে মনে করা হয়। চীনা কোস্ট গার্ডের উপস্থিতির দিনসংখ্যাও গত কয়েক বছরে ধারাবাহিকভাবে সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে।

ঘটনাটি এমন সময়ে হয় যখন দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠছে। গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে ইঙ্গিত দেন যে, চীন তাইওয়ানে হামলা চালালে টোকিও সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে। বেইজিং, যারা তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে, এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এরপর থেকেই দুই দেশের বক্তব্য আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।

সর্বশেষ ১৬ নভেম্বর চীনা জাহাজ এই এলাকায় প্রবেশ করে এবং বেইজিং এটিকে তাদের নিরাপত্তা রক্ষায় বৈধ টহল হিসেবে বর্ণনা করেছিল।