মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, তিনি যুক্তরাষ্ট্রে সোমালি অভিবাসীদের দেখতে চান না। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প বলেন ,'আমি চাই না তারা আমাদের দেশে থাকুক, সরাসরি বলছি'। তিনি আরও বলেন, 'যদি আমরা দেশে আবর্জনা ঢুকতে দিতে থাকি, তবে আমরা ভুল পথে অগ্রসর হবো; তাদের নিজ দেশে ফেরত যেতে হবে। এছাড়াও সোমালিয়া প্রায় একেবারেই কোনও দেশ নয় বলে মন্তব্য করেন তিনি।
ঠিক একই সময়ে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস) মিনেসোটার টুইন সিটিজে থাকা অনিবন্ধিত সোমালি অভিবাসীদের বিরুদ্ধে একটি অভিযান চালানোর পরিকল্পনা করছে। এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সোমালি কমিউনিটির একটি।
আন্দাজ করা হচ্ছে যে শতাধিক মানুষ এই অভিযানের আওতায় পড়তে পারেন। কর্মকর্তারা জোর দিয়ে বলেন, এই অভিযান কেবল অবৈধ আবাসনের ওপর কেন্দ্রীভূত, কোনো জাতিগত ভিত্তিতে নয়। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সহ স্থানীয় নেতারা এই পরিকল্পনা নিন্দা করেছেন এবং সতর্ক করেছেন যে এতে সোমালি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের উপরও অন্যায় প্রভাব পড়তে পারে।
এছাড়াও ট্রাম্প সোমালি-আমেরিকান কংগ্রেস সদস্য ইলহান ওমারকে লক্ষ্য করে তাকে অযোগ্য বলেছেন। ওমার সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্পের মন্তব্যকে ভীতিকর বলে উল্লেখ করেন ও তার সাহায্যের প্রয়োজন বলে মন্তব্য করেন।