বোন ম্যারো ট্রান্সপ্লান্টের অনুমতি পেলো আজগর আলী হাসপাতাল 

বোন ম্যারো ট্রান্সপ্লান্টের অনুমতি পেয়েছে ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতাল। এই প্রথম কোনো বেসরকারী হাসপাতালকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের অনুমতি দেওয়া হলো।

বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম তার অফিস কক্ষে এ অনুমতিপত্র তুলে দেন।

আজগর আলী হাসপাতালের পক্ষে অনুমতিপত্র গ্রহণ করেন সিইও এবং পরিচালক প্রফেসর ডা. জাবরুল এসএম হক।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরের ১ ডিসেম্বর থেকে এক বছরের জন্য এ অনুমতিপত্র দেওয়া হয়েছে। বিধি মোতাবেক প্রতিবছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ অনুমতিপত্র নবায়ন করতে হবে।

মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে আনুষ্ঠানিকভাবে বেসরকারি হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো আজগর আলী হাসপাতালকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার অনুমতিপত্র দেয়া হলো।