অধিনায়ক যেই হোন না কেন, ভারতের টসভাগ্য বদলাচ্ছে না। ওয়ানডে ক্রিকেটে ভারতের অদ্ভুত এই টস-দুর্ভাগ্যের ধারা অব্যাহত আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হারলেন ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। এই নিয়ে টানা ২০ ওয়ানডেতে টস হারল ভারত। তারা সর্বশেষ টস জিতেছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। রায়পুরে বুধবার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
প্রথম ওয়ানডেতে ১৭ রানে রোমাঞ্চকর জয়ের সুবাদে ১–০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে ভারত। কিন্তু টস হারের দৃশ্যপট বদলায়নি। লোকেশ রাহুল টস হারের বিষয়টি মুচকি হেসে বলেন, ‘আমরা অনেক দিন ধরেই টস জিতছি না। আগের ম্যাচে আমরা ভালো খেলেছি। শিশির থাকবে এটা আমরা জানি। রান তুলতে হবে, শুরুতেই উইকেট নিতে হবে। উইকেট ভালোই লাগছে। আমাদের দলে কোনো পরিবর্তন নেই।’
বিশেষজ্ঞদের মতে, রায়পুরের উইকেটে ফাটল দেখা যাচ্ছে। এতে যেমন অসম বাউন্স হবে, তেমনই রিভার্স সুইং হবে দারুণ। রাতের দিকে শিশির বাড়বে। তাই রান চেজিং করাটাই শ্রেয় মনে করেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা, ‘আমরা বোলিং করব। কারণ শিশির পড়লে বল স্কিড করবে, যা আমাদের জন্য সহায়ক হবে। আগের ম্যাচ থেকেও অনেক ইতিবাচক দিক আছে। বড় ম্যাচ, সিরিজে ফেরার সুযোগ।’
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, টেম্বা বাবুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, ডিউয়াল্ড ব্রেভিস, মার্কো ইয়ানসেন, করবিন বশ, কেশব মহারাজ, নান্দ্রে বুর্গার, লুঙ্গি এনগিডি।
ভারত একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, লোকেশ রাহুল (অধিনায়ক এবং উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্জুনদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ।