রাফিনহা কেন ব্যালন ডি’অর জেতেনি- প্রশ্ন প্রতিপক্ষ কোচের

স্প্যানিশ লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩–১ গোলে জয়ের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ম্যাচ শেষে তাকে নিয়ে অকুণ্ঠ প্রশংসা করেছেন আতলেতিকো মাদ্রিদের প্রধান কোচ দিয়েগো সিমিওনে। এমনকি তিনি মন্তব্য করেন, রাফিনহার ব্যালন ডি’অর না পাওয়াটা তার কাছে বিস্ময়কর।

বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মঙ্গলবার রাতে শুরুতেই এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। তবে অল্প সময়ের মধ্যেই দারুণ একক নৈপুণ্যে ম্যাচে সমতা ফেরান রাফিনহা। পেদ্রির বাড়ানো নিখুঁত পাস থেকে তিনি দুর্দান্ত ড্রিবলে গোলরক্ষক ইয়ান ওব্লাককে পরাস্ত করে নিচু শটে জাল খুঁজে নেন। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে বার্সেলোনা। এই জয়ে লিগের শীর্ষে চার পয়েন্টের ব্যবধান তৈরি করেছে বার্সা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, ‘রাফিনহা আমাকে মুগ্ধ করে। ও ডান প্রান্ত, রক্ষণভাগ, স্ট্রাইকার কিংবা আক্রমণভাগের মাঝমাঠ—সব জায়গায় খেলতে পারে। ও গোল করে, প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে। গত বছর সে কেন ব্যালন ডি’অর জিততে পারেনি, আমি সত্যিই বুঝি না। ফুটবলে সবাই নিজের মতো করে বেছে নেয়, কিন্তু আমি হলে রাফিনহাকেই বেছে নিতাম। সে আমাকে মুগ্ধ করে।’

গত মৌসুমে রাফিনহা ৩৪টি গোলের পাশাপাশি ২৬টি অ্যাসিস্ট করেছিলেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও তিনি ব্যালন ডি’অরের মূল তালিকায় জায়গা পাননি। ইনজুরি কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরে আবারও দলের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। বর্তমানে তিনি উদীয়মান তারকা লামিনে ইয়ামাল ও অভিজ্ঞ গোলস্কোরার রবার্ট লেভানডোভস্কির সঙ্গে মিলে গড়ে তুলেছেন বার্সেলোনার ভয়ংকর আক্রমণভাগ।