চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনবল, যানবাহন ও ইকুইপমেন্টর কার্যকারিতা ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে স্থানীয়ভাবে বিমানবন্দরের কার্গো ওয়ার হাউস সংলগ্ন স্থানে একটি মাঝারি স্কেলের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অনুষ্ঠিত মহড়ায় অংশ নিয়েছে বিমানবন্দরের ফায়ার শাখা, বিমানবন্দর এভসেক, এপিবিএন, বাংলাদেশ বিমানবাহিনী, নৌ বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম, বিমানবন্দরের মেডিকেল টিমসহ অন্যান্য অংশীজন।
মহড়ায় স্ক্রিপ্ট এর অংশ হিসেবে কার্গো ওয়ার-হাউস সংলগ্ন স্থানে থাকা পরিত্যক্ত ময়লাতে আকস্মিক ধরে যাওয়া আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। এমতাবস্থায় বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার সংশ্লিষ্ট সকল অংশীজনকে আগুন লাগার বিষয়টি অবহিত করলে বিমানবন্দর ফায়ার টিম, বাংলাদেশ বিমানবাহিনী, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহ অন্যান্য অংশীজন রা ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আজকের ফায়ার মহড়ায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, বিমানবন্দরের স্যাটো জনাব সাধন কুমার মহন্ত, সহকারী পরিচালক (ফায়ার) জনাব আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।