পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

ডন পত্রিকার প্রতিবেদনে জানা যায়, হতাহতরা হলেন এএসআই গুল আলম, কনস্টেবল রফিক এবং মোবাইল ভ্যানের চালক সখি জান। পাশাপাশি কনস্টেবল আজাদ শাহ সামান্য আহত হয়েছেন।

জেলা পুলিশের মুখপাত্র ইয়াকুব জুলকারনাইন জানান, বিস্ফোরণটি শহীদ নবাব খান থানার পানিয়ালা এলাকায় ঘটেছে। ঘটনার পর তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এবং স্থানীয় পুলিশ ও জেলা পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

ডেরা ইসমাইল খানের জেলা পুলিশ কর্মকর্তা সাজ্জাদ আহমেদ সাহেবজাদা এক বিবৃতিতে বলছেন, ‘অজ্ঞাত সন্ত্রাসীরা’ এই হামলা চালিয়েছে। তিনি আরও বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড পুলিশের মনোবলকে কমাতে পারবে না।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। 

প্রধানমন্ত্রী শহীদদের জন্য প্রার্থনা করেছেন এবং হামলার দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, আফগান তালেবানের সঙ্গে সম্পর্কিত পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর বিরুদ্ধে সম্প্রতি অভিযান শুরু করেছে পাকিস্তান সরকার। ২০২২ সালের শেষের দিকে টিটিপি যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে বিশেষ করে খাইবার-পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পুলিশের লক্ষ্য করে হামলার মাত্রা বেড়েছে।

এর আগে অক্টোবর ও নভেম্বর মাসে ডেরা ইসমাইল খানে পুলিশের উপর একাধিক হামলা ঘটেছে। যেখানে পুলিশ সদস্যসহ বেসামরিক মানুষরাও আহত হয়েছেন।