বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার সদয় নির্দেশক্রমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরী মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টা নাগাদ শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আন্দালিব ইলিয়াস ত্রাণসামগ্রী শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। প্রেরিত জরুরি ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, জরুরি ওষুধসামগ্রী, তাঁবুসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। শ্রীলঙ্কার সরকার বাংলাদেশের এই জরুরী মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’ এবং এর ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় শ্রীলঙ্কায় এ পর্যন্ত প্রায় ৪৬৫ জনের প্রাণহানি ঘটেছে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেশের বহু এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো একটি উল্লেখযোগ্য অংশ বন্যার পানির নিচে রয়েছে।