গোলাপ শাহ্’র মাজারের দান বাক্সে ৫৭ লাখ টাকা

রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত হযরত গোলাপ শাহ্’র মাজারের দান বাক্সে ৫৬ লক্ষ ৬৪ হাজার ৫৫০ টাকা দান হিসেবে পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে মোট ৫৬ জন অনুমোদিত গণনাকারী গণনায় অংশ নেন। এর আগে ২৯ জানুয়ারি মাজারের দান গণনা করা হয়েছিল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় মাজার ও মসজিদটি পরিচালনা করা হয়। আজ বুধবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কে সভাপতি ও  প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য-সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট হযরত গোলাপ শাহ্’র মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। এ ছাড়া মাজারের দানের টাকা গণনা ও ব্যাংকে জমাদান নিশ্চিতকরণের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব কে আহ্বায়ক এবং প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য-সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি রয়েছে। এ ছাড়া টাকা গণনাকারী সদস্যদের নাম ও সংখ্যা পূর্ব থেকেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত হয়ে থাকে।

মাজার থেকে প্রাপ্ত দান সরাসরি জনতা ব্যাংক, নগর ভবন শাখায় মাজারের পৃথক ব্যাংক হিসাবে জমা প্রদান করা হয়। এ দানপ্রাপ্ত অর্থ কেবল হযরত গোলাপ শাহ্’র মাজার ও মসজিদের উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যয় করা হয়। দানকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে পক্ষ থেকে গোলাপ শাহ্’র মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।