জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে প্রজাপতি সংরক্ষণ এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে ধারণ করে আগামী শুক্রবার ১৫তম প্রজাপতি মেলা-২০২৫ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।
মেলা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে।
এবারের মেলায় বন্যপ্রাণী ও সংরক্ষণ বিশেষজ্ঞ ড. আলী রেজা খানকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড (Butterfly Award 2025) প্রদান করা হবে। এছাড়া বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট (Butterfly Young Enthusiast 2025) অ্যাওয়ার্ড যৌথভাবে প্রদান করা হবে শাহারিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারীকে (শিক্ষার্থী, প্রাণিবিদ্যা বিভাগ, জাবি)।
মেলায় ‘বাটারফ্লাইস অফ বাংলাদেশ’ বইয়ের তৃতীয় সংস্করণ উন্মোচিত হবে। বইয়ে থাকবে ৩৬০টি প্রজাপতির প্রজাতির ছবি, প্রজাপতির জীববিজ্ঞান ও শনাক্তকরণের জন্য জিনভিত্তিক তথ্য। এছাড়া প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে থাকবে প্রজাপতি, প্রজাপতি বান্ধব বৃক্ষ ও প্রজাপতির প্রজনন ক্ষেত্রসহ উন্মুক্ত বাগান।
মেলা কার্যক্রম:
উদ্বোধন ও প্রজাপতি অ্যাওয়ার্ড প্রদান
র্যালি
প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতি অরিগ্যামি প্যারেড
প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য)
প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য)
প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা
প্রজাপতির হাট দর্শন
প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা
প্রজাপতি চেনা প্রতিযোগিতা
প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা: স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। দুটি গ্রুপ থাকবে:
‘ক’ গ্রুপ: নার্সারি থেকে ৩য় শ্রেণি
‘খ’ গ্রুপ: ৪র্থ থেকে ৭ম শ্রেণি
প্রতিযোগীদের মেলার দিন সকাল ৯:৩০টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।
প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা: শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত।
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা: সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে, তবে মেলার দিন সকাল ৯:৩০টার মধ্যে নিবন্ধন আবশ্যক।
প্রজাপতি চেনা প্রতিযোগিতা: প্রদত্ত ছবির মাধ্যমে প্রজাপতি শনাক্ত করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুটি দল অংশগ্রহণ করতে পারবে এবং প্রতিটি দলে দুজন শিক্ষার্থী থাকবে।
প্রধান ও সহযোগী স্পন্সর:
টাইটেল স্পন্সর: ‘কিউট’
সহযোগী সংগঠন: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, IUCN (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার), আরণ্যক ফাউন্ডেশন, বাংলাদেশ বন বিভাগ
মিডিয়া পার্টনার: চ্যানেল-আই ও রেডিও ভূমি
সংবাদ সম্মেলনে অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, “এ বছর আমরা ১৫তম প্রজাপতি মেলা উদযাপন করতে যাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক যুগের বেশি সময় ধরে এটি আয়োজিত হয়ে আসছে। দেশের বিভিন্ন প্রান্তের শিশু-কিশোরসহ মানুষ এ মেলা দেখতে আসে।
এখানে তারা প্রজাপতি ও প্রকৃতির সংযোগকে সরাসরি উপলব্ধি করতে পারে। শিশুদের জন্য এটি শিক্ষণীয় অভিজ্ঞতা, যা তাদের প্রজাপতি ও প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব বোঝাতে সহায়ক। প্রজাপতি বাঁচলে প্রকৃতিও বাঁচবে। মেলায় এসে সবাই সচেতন হয়ে উঠতে পারবে।”