২১ অঙ্গরাজ্যে খাদ্য সহায়তা বন্ধের হুমকি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ২১টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়া যদি ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচি (এসএনএপি) সংক্রান্ত সুবিধাভোগীদের তথ্য ফেডারেল সরকারের কাছে সরবরাহ না করে, তবে সেই অঙ্গরাজ্যগুলোর জন্য ফেডারেল তহবিল বন্ধ করা হবে।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স বলেন, ইউএসডি এর এই নির্দেশের মাধ্যমে সম্ভাব্য জালিয়াতি শনাক্ত করা এবং করদাতাদের অর্থ সুরক্ষিত করা সম্ভব হবে।

তিনি উল্লেখ করেন, ২৯টি অঙ্গরাজ্যের প্রধান অঙ্গরাজ্য ইতিমধ্যেই তথ্য হস্তান্তর করেছে। কিন্তু ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, মিনেসোটা সহ ২১টি ডেমোক্র্যাট প্রধান অঙ্গরাজ্য এখনও তা করতে অস্বীকৃতি জানাচ্ছে।

এসএনএপি কর্মসূচি, যা সাধারণভাবে ‘ফুড স্ট্যাম্পস’ নামে পরিচিত, নিম্ন আয়ের পরিবারের সদস্যদের সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী কেনার সুযোগ দেয়। ২০২৪ অর্থবছরে প্রায় ৪ কোটি ১৭ লাখ মানুষ এই কর্মসূচির ওপর নির্ভরশীল ছিলেন, যা মোট মার্কিন জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ।

রোলিন্স জানান, আগামী সপ্তাহ থেকে যেসব অঙ্গরাজ্য আমাদের নির্দেশ মানবে না। আমরা তাদের ফেডারেল তহবিল পাঠানো বন্ধ করে দেব।

সমালোচকরা আশঙ্কা প্রকাশ করছেন যে, ব্যক্তিগত তথ্য হস্তান্তরের ফলে গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা থাকতে পারে।