কোহলির সেঞ্চুরির দিনে বিশ্বকাপ জার্সি উন্মোচন করলেন রোহিত শর্মা

রায়পুরে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডের মধ্য বিরতিতে জমকালো আয়োজনে উন্মোচিত হলো ভারতের নতুন টি–টোয়েন্টি জার্সি। মঞ্চে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও তরুণ ব্যাটার তিলক ভার্মা। তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জার্সি তুলে দেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও অ্যাডিডাসের প্রতিনিধিরা।

শহীদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়ামের আলোয় আয়োজিত অনুষ্ঠানটি ছিল ভারতের আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন উপলক্ষে জার্সির প্রথম প্রকাশ। নীল গাঢ় রঙের বেসে দু’পাশে উজ্জ্বল কমলা প্যানেল—এটাই নতুন কিটের মূল নকশা। বড় পরিবর্তন দেখা গেছে তিরঙ্গা ব্যবহারে; বুকের পরিবর্তে জাতীয় পতাকার রং এবার স্থান পেয়েছে কলারে। জার্সির সামনের অংশে খাড়া নীল স্ট্রাইপ যুক্ত করে আনা হয়েছে অতিরিক্ত টেক্সচার।

অনুষ্ঠানে আবেগঘন অনুভূতি শেয়ার করেন রোহিত শর্মা। তিনি বলেন, “লম্বা পথ পাড়ি দিতে হয়েছে আমাদের। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিলাম, এরপর আবার শিরোপা স্পর্শ করতে অপেক্ষা করতে হয়েছে ১৫ বছরেরও বেশি। উত্থান-পতনে ভরা এই যাত্রা শেষে আবার ট্রফি হাতে নেওয়ার অনুভূতি দুর্দান্ত ছিল। এবার দেশে বিশ্বকাপ, তাই টুর্নামেন্টটা আরও উত্তেজনাপূর্ণ হবে। দলের প্রতি আমার শুভকামনা সবসময়ই থাকে। আশা করি সবাই পাশে থাকবে, সমর্থন দেবে, আর খেলোয়াড়রাও নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবে।”

এদিকে, মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। 

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শার্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শার্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরা, বরুন চক্রবর্তী, আর্শদিপ সিং, কুলদিপ যাদব, হার্শিত রানা, ওয়াশিংটন সুন্দর।