হরিরামপুরে ব্যবসায়ীর ওপর হামলা, সাবেক ছাত্রদল নেতা আটক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর সকালে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে মালেকের মুদির দোকানে নাস্তা করছিলেন বিপ্লব হাসান (৩৫)। ওই সময় মিরাজ হোসেন রাজ, তার সহযোগী চঞ্চল মির্জা এবং মিজান অতর্কিতভাবে বিপ্লবের ওপর হামলা চালায়। লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হলে তিনি গুরুতর আহত হন। পরে বিপ্লব নিজেই থানায় একটি মামলা দায়ের করেন।

আহত বিপ্লব হাসান উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। গ্রেপ্তার হওয়া মিরাজ হোসেন রাজ হরিরামপুরের আন্ধারমানিক গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। সহযোগী চঞ্চল মির্জা একই গ্রামের আতার মিয়া এবং মিজান ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিপ্লব ও মিরাজের মধ্যে পূর্বের একটি তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মিরাজ হোসেন রাজকে আটক করে আদালতে সোপর্দ করেছে।