বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, ন্যায্য বিচার নিশ্চিত করা এবং কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
৩ ডিসেম্বর (বুধবার) রাতে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতের পক্ষ থেকে দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা, আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যাপ্ত নজরদারির অভাব এবং পারস্পরিক সম্মান ও মানবিক মর্যাদা রক্ষায় ব্যর্থতা পরিস্থিতিকে ক্রমেই উদ্বেগজনক করে তুলছে।
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়-
“গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। প্রতিবছর এভাবে নিরীহ বাংলাদেশিদের প্রাণহানি ঘটলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং এই নৃশংসতা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নাগরিকদের জীবন এমন অরক্ষিত অবস্থায় থাকা রাষ্ট্রের মর্যাদাকেও ক্ষুণ্ন করছে। গত দশকজুড়ে সীমান্তে নিহতদের অধিকাংশ ক্ষেত্রেই ন্যায্য বিচার নিশ্চিত হয়নি। ভারতের পক্ষ থেকে দায় এড়ানোর মনোভাব এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সীমিত নজরদারি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রথম শর্ত হলো পারস্পরিক সম্মান ও মানবিক মর্যাদা। বাস্তবে দেখা যাচ্ছে, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের অবস্থান এই ন্যূনতম শর্তও পূরণ করতে ব্যর্থ।”