আজ কেমন থাকবে সারা দেশের আবহাওয়া

সারা দেশে আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 

আবহাওয়া বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল  টেকনাফে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে বুলেটিনে বরা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর তামিলনাড়ু-পুদুচেরী উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।