খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। দেশটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ তথ‍্য জানানো হয়েছে। 

গত ২৯ নভেম্বর অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লেখেন দেশটির কাছে। সে সময় নিজেদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিল কাতার। আজ আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে দেশটি।

এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

বহু বছর ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।

এদিকে, বেগম জিয়াকে রাষ্ট্রের 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তায় নিয়োজিত আছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা।