প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। এটা অতীতের মতো প্রহসন-তামাশার নির্বাচন হবে না, গণ-অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। তাই এটি শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন। সেভাবেই এই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সদ্য পদায়ন হওয়া ৬৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকালীন দায়িত্বপালন ও মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দেওয়ার জন্য এ বৈঠক হয়।
বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশ দেন ড. ইউনূস। আগামী নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষণ সংস্থা খুঁত ধরার চেষ্টা করবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে এমন একটি নির্বাচন সম্পন্ন করতে হবে।
এর আগে গত সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়নের প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্টরা জানান, পদায়নের ক্ষেত্রে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে সততা, সুনাম, দক্ষতা ও নিরপেক্ষতার ভিত্তিতে তালিকা করা হয়। এরপর লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত হয়।