চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দীর্ঘ ১২ দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর দেশী-বিদেশী চিকিৎসক বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে লন্ডন নেয়া হচ্ছে তাকে। 

এ জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। কাতার সরকার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে খালেদা জিয়াকে বহন করার জন্য। 

বৃহস্প‌তিবার (৪ ডি‌সেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মধ্যরাতের পর কিংবা শুক্রবার সকালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে। 

তিনি আরও জানান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসকদের মাধ্যমে তৈরি মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে বেগম জিয়াকে কাতার র‌য়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে।

তার বর্তমান শারীরিক অবস্থার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মায়ের চিকিৎসার যাবতীয় কার্যক্রমে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান।

এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ‘আমরা দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। যার যার ধর্মমতে সবাই বেগম জিয়ার জন্য দোয়া করছেন। আসুন আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করি। সেই সাথে এভারকেয়ার হাসপাতালের নার্স, চিকিৎসক এবং সব পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। বিএনপি এবং জিয়া পরিবারের পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানান খালেদা জিয়ার এই চিকিৎসক।

গত ২৩ নভেম্বর মধ্য রাতে অসুস্থ্ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এদিকে বিএনপি জানিয়েছে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্য, চিকিৎসক ও নিরাপত্তা কর্মকতাসহ ১৪ জন লন্ডন যাচ্ছেন।