বিশ্বকাপ ড্র: আর্জেন্টিনার সম্ভাব্য সহজ ও কঠিন গ্রুপ কেমন হতে পারে?

রাত পোহালেই ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। শেষ হবে অপেক্ষার পালা। জানা হয়ে যাবে, আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ কে হতে যাচ্ছে কার প্রতিপক্ষ। ৫ ডিসেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ড্র অনুষ্ঠান।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে। কোচ লিওনেল স্কালোনির দল কোন গ্রুপে পড়বে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই ফুটবলপ্রেমীদের মধ্যে। ফিফার সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী আর্জেন্টিনা রয়েছে পট-১ (সিডেড দল)-এ। এই পটে আরও রয়েছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি।

পট-১-এ থাকার কারণে গ্রুপপর্বে এদের কাউকেই আর্জেন্টিনা মোকাবিলা করবে না। এমনকি স্পেনের সঙ্গে মুখোমুখি হওয়ার সম্ভাবনা শুধু ফাইনালেই। তাছাড়া টুর্নামেন্টের নিয়মানুযায়ী, গ্রুপপর্বে আর্জেন্টিনা কোনো দক্ষিণ আমেরিকান (কনমেবল) দলের মুখোমুখি হবে না। এসব নিয়মকে মাথায় রেখে আর্জেন্টিনার জন্য সম্ভাব্য সহজ ও কঠিন গ্রুপ তৈরি করেছে দেশটির গণমাধ্যম ‘ইনফোবে’। এর আগে দেখে নেওয়া যাক, অন্য পটগুলোতে কোন কোন দল আছে।

পট-২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।

পট-৩: নরওয়ে, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিশিয়া, আইভরি কোস্ট, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, কাতার, উজবেকিস্তান, পানামা।

পট-৪: জর্ডান, ঘানা, কেপ ভার্দে, কুরাসাও, হাইতি ও নিউজিল্যান্ড নিশ্চিত। বাকি দুটি স্থান প্লে-অফ থেকে পূরণ হবে।

ফিফা র‌্যাংকিং ও শক্তি বিবেচনায় বিশ্লেষকদের মতে আর্জেন্টিনার সবচেয়ে সহজ গ্রুপ হতে পারে- পট-২ থেকে অস্ট্রেলিয়া অথবা অস্ট্রিয়া। পট-৩ থেকে দক্ষিণ আফ্রিকা অথবা উজবেকিস্তান। পট-৪ থেকে নিউজিল্যান্ড অথবা কুরাসাও। এই ধরনের গ্রুপ হলে শেষ ষোলোতে ওঠা আর্জেন্টিনার জন্য তুলনামূলকভাবে সহজ হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। এবার আসা যাক আর্জেন্টিনার সম্ভাব্য কঠিন গ্রপের হিসেবে।

বর্তমান চ্যাম্পিয়নদের সম্ভাব্য সবচেয়ে কঠিন গ্রুপ হতে পারে- পট-২ থেকে মরক্কো অথবা ক্রোয়েশিয়া। পট-৩ থেকে নরওয়ে অথবা মিশর, পট-৪ থেকে ইতালি অথবা ডেনমার্ক। এমন গ্রুপ হলে প্রথম রাউন্ড থেকেই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের মুখে পড়বে লিওনেল মেসির দল। ২০২৬ বিশ্বকাপ এবার ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। তাই শিরোপা প্রত্যাশী দলগুলোকে শুরু থেকেই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

২০২৬ বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দল, যাদের ১২টি গ্রুপে ভাগ করা হবে। মোট ম্যাচ হবে ১০৪টি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি ও কানাডায় ২টি স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠান উপস্থাপন করবেন সাবেক তারকা ফুটবলার রিও ফার্দিনান্দ। অতিথি হিসেবে থাকবেন টম ব্র্যাডি, ওয়েন গ্রেটজকি, অ্যারন জাজ, শাকিল ও’নিলসহ বিশ্ব ক্রীড়া ও বিনোদন জগতের তারকারা।