বাউল গান বন্ধের দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নে কড়ইতলায় বাউল গান, ওরশ ও মেলা বন্ধে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে স্মারকলিপি দিয়েছে বিশনন্দী ইউনিয়নের তৌহিদি জনতা। তাদের নিজস্ব ব্যানারে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ডিসি ও এসপি বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে তারা দাবি করেন, বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে ওরশের নামে গান-বাজনা, মদ, ইয়াবা, জুয়ার আসর ও নারী নিয়ে দেহ ব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়।

এর ফলে এলাকার স্থানীয় যুবকেরা মাদক ও নারীদের প্রতি ধাবিত হচ্ছে। এছাড়াও এই আসরের পাশেই একটি পুরনো কবরস্থান, একটি মসজিদ ও মাদরাসা রয়েছে। এধরনের গান বাজনা ও অপকর্মের ফলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

এসময় ওরশের নামে এ ধরণের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ, প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির জানান, এরকম কোনও মেলার অনুমোদন নেই।

এর আগে তৌহিদি জনতা মেলা বন্ধের দাবিতে একাধিকবার মিছিল ও মানববন্ধন করে। এই নিয়ে এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে।