ঝিনাইদহে গুদাম থেকে বিপুল পরিমাণ সার উদ্ধার

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দুটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে শৈলকূপা পৌর শহরের পাইলট স্কুল মার্কেটের দুটি গুদামে এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী। অভিযানের সময় উপজেলা কৃষি বিভাগ ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

পুলিশ জানায়, শৈলকূপার বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় গুদাম ও বিক্রয় কেন্দ্র বন্ধ রেখে নোমান পারভেজ পালিয়ে যায়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে বাজারে কৃত্রিম সার সংকট তৈরি করে বেশি দামে বিক্রির জন্য গোপন গুদামে এসব সার মজুদ করা হয়েছিল। এ সময় প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তার গুদাম থেকে ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত ঘোষ জানান, অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে আমাদের কাছে তথ্য আছে। এ ধরণের তৎপরতা বন্ধ করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত সার ন্যায্যমূল্যে কৃষকের মধ্যে বিতরণ করা হবে। এখনো অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।