হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১০ টায় শায়েস্তানগর ও মোহনপুর এলাকার কতিপয় যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইটপাটকেল নিক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। প্রায় ঘন্টাখানেক পর পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, শায়েস্তানগর এলাকায় মহব্বত কনভেনশন হলে নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফুটায় একদল যুবক। এ ঘটনায় মোহনপুর গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রাত সাড়ে ১০টায় শায়েস্তানগর ও মোহনপুর এলাকার দুই দল যুবক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাংচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) শাহাবুদ্দীন শাহীন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।