গবেষণায় আগ্রহী শতাধিক রাবি শিক্ষার্থীকে বরণ করল রিসার্চ সোসাইটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গবেষণায় আগ্রহী শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ (আরইউআরএস)। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘রিসার্চ ফর এ বেটার ফিউচার উইথ ড. আবেদ চৌধুরী’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন, রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইমতিয়াজ হাসান ও ড. মোহাম্মদ হাবিবুর রহমান। 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন পঞ্চব্রিহী ধানের আবিষ্কারক হিসেবে খ্যাত ড. আবেদ চৌধুরী। তিনি ‘রিসার্চ ফর এ বেটার ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন।

ড. আবেদ চৌধুরী বলেন, ‘পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান গঠিত হওয়ার আগেই প্রাচীন মানুষের মনে বিজ্ঞান শব্দটি উদ্ভাবিত হয়েছিল। আমরা প্লেটো, আইনস্টাইনসহ অনেক বিখ্যাত বিজ্ঞানীর নাম জানি, কিন্তু যারা ঘাসকে পোষ মানিয়ে গম, ভুট্টা ও ধানে রূপান্তর করেছেন, তাদের নাম জানি না। 

সেই সময়ের অবদান আমরা ভুলে যাই। আমাদের পূর্বসূরিরা যারা শস্যকে পোষ মানিয়েছিলেন, আমরা সেই সব কৃষকের সন্তান। 

তাই আমরা যেখানে থাকি না কেন, একটি গাছ লাগানোর ইচ্ছে যেন আমাদের মনে থাকে। বাড়ির সামনে বা পেছনে ঘাসের পরিচর্যায় সময় দিতে হবে।’

গবেষণায় উৎসাহ দিয়ে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘সবাই গবেষণা করতে চায়; কিন্তু দেখতে হবে, একটি গবেষণাকে নিয়ে কতজন পঁচিশ বছর ধরে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে। 

বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ-সুবিধা বাড়াতে হবে এবং এর পাশাপাশি নিজেকেও ক্রমাগত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সুবিধার দিকে তাকিয়ে না থেকে লেখাপড়ার পেছনে সময় দিতে হবে। পাশাপাশি নতুন বিষয়ে জানার আগ্রহ ও পরিশ্রমী মানসিকতা গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে গবেষণায় আগ্রহী প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তানজিম হাসান প্রাঙ্গনের সভাপতিত্বে এবং নাবিল বিন জাকির ও তামান্না বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।