যুক্তরাজ্যের সুবিখ্যাত অক্সফোর্ড ইউনিয়ন ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক এক আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশি কয়েক তরুণকে প্যানেল আলোচক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।
আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ইউনাইটেড পিপল'স বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি আবু সাদিক কায়েম।
এ ছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসুর এসিএস মহিউদ্দিন খান আমন্ত্রণ তালিকায় আছেন বলে জানা গেছে।
আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠানটি হওয়ার কথা।
সম্প্রতি সংগঠনটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত পৃথক আমন্ত্রণপত্র পাঠানো হয়।
ডাকসুর ভিপি সাদিক কায়েম জানান, তাঁরা কয়েকজন আলাদা চিঠিতে আমন্ত্রণ পেয়েছেন। সবার সঙ্গে আলোচনার পরই মোট কতজন আমন্ত্রিত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যাবে।
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে ফোনে পাওয়া না গেলেও সংগঠনের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হাসনাত ও সাদিকের পাশাপাশি জুলাই আন্দোলনের আরেক মুখ আলী আহসান জুনায়েদও আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন।
আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে- ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনসহ দেশের রাজনৈতিক পরিবর্তনের সময় জনতার গণআন্দোলনে তাঁদের নেতৃত্ব ও সক্রিয় ভূমিকা আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেয়েছে।
তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তাঁদের অভিজ্ঞতা ও বিশ্লেষণকে আলোচনায় মূল্যবান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়েছে, তারা শুধু প্যানেল আলোচনাতেই নয়, অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে সমসাময়িক রাজনীতি, নীতি ও সামাজিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
সফরের সার্বিক সমন্বয় ও স্থানীয় আয়োজনের দায়িত্বও অক্সফোর্ড ইউনিয়ন গ্রহণ করবে।