ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসায় বিএনপি ধাপে ধাপে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করছে।
প্রথম ধাপে ২৩৭টি আসনের পর দলটি আরও ৩৬ আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে। ফলে এখন পর্যন্ত মোট ২৭২টি আসনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। বাকি রয়েছে আরও ২৮টি আসন, যেগুলো এখনও প্রার্থিশূন্য-এগুলোতে মনোনয়ন পাওয়ার সুযোগ খোলা রয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখযোগ্য বিষয় হলো, দলীয় সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার নাম এবারও ঘোষিত তালিকায় নেই। যদিও তার নিজ এলাকার দুটি আসন- ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬- এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। ফলে সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।
এর আগে ৩ নভেম্বর প্রথম দফার তালিকা প্রকাশ করা হয়। সে তালিকায় ঘোষিত মাদারীপুর–১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন পরে স্থগিত করা হয়। নতুন সিদ্ধান্তে এ আসনে নাদিরা আক্তারকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।