মানিকগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. আকবর হোসেন বাবলুর সমর্থকরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে সাবেক জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস এ জিন্নাহ কবিরকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ খবরে ক্ষুব্ধ হয়ে ডা. বাবলুর অনুসারীরা মহাদেবপুর এলাকায় মশাল মিছিল বের করেন এবং মহাসড়কের দুই লেনে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।
শিবালয় থানার ওসি এসএম আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, বাবলু সমর্থকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
হঠাৎ এই বিক্ষোভে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করে ।