শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় ভারতীয় বিমান বাহিনীর উদ্ধার অভিযান

ঘূর্ণিঝড় ডিটওয়াহের জেরে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ দুর্যোগে আটকে পড়া মানুষদের উদ্ধারে দেশটির সঙ্গে সমন্বয় করে অভিযান চালাচ্ছে ভারতীয় বিমানবাহিনী। 

ইতোমধ্যে ১০টি দেশের ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন বাংলাদেশিও আছেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার ১৪ জন, ভারতের ১২ জন, বেলারুশের ৬ জন, ইরানের ৫ জন, দক্ষিণ আফ্রিকার ৪ জন, পোল্যান্ডের ৩ জন, বাংলাদেশের ৩ জন, জার্মানির ২ জন, স্লোভেনিয়ার ২ জন, যুক্তরাজ্যের ২ জন, অস্ট্রেলিয়ার ১ জন এবং পাকিস্তানের ১ জন নাগরিক।

ঘূর্ণিঝড় ডিটওয়াহের পর ২৮ নভেম্বর থেকে শ্রীলঙ্কায় জরুরি সহায়তার জন্য ভারত ‘অপারেশন সাগর বন্ধু’ চালু করে। 

শ্রীলঙ্কা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভারত সরকার প্রথমেই কলম্বোতে নৌবাহিনীর দুটি জাহাজ থেকে ৯ দশমিক ৫ টন জরুরি ত্রাণ পাঠায়। 

এতে তাঁবু, ত্রিপল, কম্বল, স্বাস্থ্যকর খাদ্যকিট, প্রস্তুত খাবার, ওষুধ এবং অস্ত্রোপচারের সরঞ্জাম ছিল। পরে আরও ৩১ দশমিক ৫ টন ত্রাণ পাঠানো হয়।

এ ছাড়া ভারতীয় বিমানবাহিনীর তিনটি বিমান, পাঁচজন চিকিৎসক এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর ৮০ সদস্যের একটি বিশেষ নগর অনুসন্ধান ও উদ্ধার দল পাঠানো হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুকন্যা অতিরিক্ত ১২ টন ত্রাণ সরবরাহ করেছে।

ঘূর্ণিঝড়ের আঘাতে শ্রীলঙ্কায় ব্যাপক দুর্যোগ সৃষ্টি হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩৫৫ জন নিহত এবং ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্গম এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাতে স্থানীয় সরকার হিমশিম খাচ্ছে।