নেতার মনোনয়নের খবরে আনন্দে বিএনপি নেতার মৃত্যু

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের প্রার্থীতা ঘোষণার খবর পেয়ে আনন্দের চরম মুহূর্তেই না ফেরার দেশে চলে গেলেন ইউনিয়ন বিএনপির এক নেতা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

মারা যাওয়া ফরিদুল আলম ফরিদ (৫২) স্থানীয় মৃত সৈয়দ আহমদের ছেলে এবং কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, সন্ধ্যার দিকে কয়েকজন কর্মী এসে ফরিদকে জানান যে আলমগীর ফরিদকে কক্সবাজার-২ আসনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। 

খবর শোনার সঙ্গে সঙ্গেই তিনি প্রবল উচ্ছ্বাসে চিৎকার করে ওঠেন এবং আনন্দে লাফিয়ে ওঠেন। ঠিক সেই মুহূর্তেই তিনি হঠাৎ মাটিতে পড়ে যান।

পরিবার ও সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিলেও চিকিৎসক জানান, পৌঁছানোর আগেই তিনি প্রাণ হারিয়েছেন। 

স্বজনদের মতে, কিছুদিন আগে তিনি একবার স্ট্রোক করেছিলেন এবং চট্টগ্রামে চিকিৎসাও নেন। মনোনয়নের আনন্দ তাকে অতিরিক্ত উত্তেজিত করে তোলে, যা দ্বিতীয় স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায়।

কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা রহুল কাদের বাবুল বলেন, “ফরিদ ছিলেন এলাকায় অত্যন্ত নিবেদিত একজন নেতা। তাকে হারানো আমাদের জন্য বড় শোক।”

তার অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীরা তার বাড়িতে ভিড় করছেন পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং শেষবার তাকে দেখার জন্য।