চট্টগ্রামে কাস্টমসের দুই কর্মকর্তার প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি ওই দুই কর্মকর্তাকে গুলি করার হুমকিও দিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার দুজন হলেন চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন। সম্প্রতি দুই কনটেইনারে আমদানিনিষিদ্ধ পপি বীজ ও ঘনচিনি চালানের অনিয়ম ধরার কারণে দুই কর্মকর্তার ওপর হামলা হতে পারে ধারণা সংশ্লিষ্টদের।
ভুক্তভোগী আসাদুজ্জামান খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা অফিসের দিকে যাচ্ছিলাম। হঠাৎ তিন ব্যক্তি এসে আমাদের গাড়ি থামান। থামানোর সঙ্গে সঙ্গে গাড়ির কাচ ভাঙচুর শুরু হয়। একজন আরেকজনকে বলতে থাকেন, “গুলি কর, গুলি কর”। আমরা কোনোভাবে গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকি। একটা গলির ভেতর ঢুকে প্রাণে বাঁচি। গাড়ি ভাঙচুর করা হলেও আমরা কেউ গুরুতর আহত হইনি। তবে কে বা কারা, কেন এই হামলা করেছে, তা আমরা বুঝতে পারিনি।’
আরেক ভুক্তভোগী চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন বলেন, ‘তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে আসে। আমাদের কার থামিয়ে হঠাৎ ভাঙচুর শুরু করে। তাদের একজনের হাতে ছিল চাপাতি। গাড়ির কাছে এসে প্রথমে চাপাতি দিয়ে গাড়িতে কোপ দেয় একজন। এরপর একজন গুলি করতে বলে।’ আমরা কাস্টমসের বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে প্রতিদিন গড়ে ১২-১৪টি মামলা দায়ের করি। এ কারণে বিভিন্ন সময় হুমকি পেয়েছি, বলেন কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামান।