ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে করে তিনি দেশের উদ্দেশে রওনা করেন। 

এ সময় মা ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান মেয়ে জাইমা রহমান।
 
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য দেশটির আমিরের বিমান-কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই কাতার থেকে রওনা হবে।
 
তবে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স (কাতারের পাঠানো) শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। 

ম্যাডামের (বেগম জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রবিবার) ফ্লাই করবেন।’
 
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে চলে যাবেন। 

ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সের আসার বিষয়টিও বিলম্ব হতে যাচ্ছে। এতে জুবাইদা রহমানেরও লন্ডন যাত্রার সময় বাড়ছে। কারণ, তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যে যাবেন।’