এ দেশের মানুষ ব্রাজিল-আর্জেন্টিনা নামে দুই ভাগে বিভাজিত। বিশ্বকাপে বিভাজন এতটাই প্রকাশিত হয়, যা নিয়ে রোল পড়ে যায় বিশ্ব মিডিয়ায়। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বাঙালির আবেগ, উচ্ছ¡াস, উন্মাদনা প্রশংসা পায় ভিনদেশি সংবাদমাধ্যমে। এ উন্মাদনার খবর পৌঁছে যায় লিওনেল মেসির মতো বিশ্ব তারকার কাছে। লাতিন ফুটবল নিয়ে এই উন্মাদনার সঙ্গে বাংলার ফুটবলের সরাসরি মেলবন্ধন ঘটবে আজ থেকে। এএফবি লাতিন বাংলা সুপার কাপ নামে একটি তিন দলের টুর্নামেন্ট ঢাকায় শুরু হবে আজ। যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি ক্লাবের সঙ্গে অংশ নেবে বাংলাদেশের একটি দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় এই টুর্নামেন্টের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের দল সাও বার্নার্দো ফুটবল ক্লাব এবং স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার। টুর্নামেন্টের অন্য দল হলো আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব।
টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে অংশগ্রহণকারী তিন দলকে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাগতিক রেড গ্রিন ফিউচার স্টার ক্লাবের হেড কোচ ইমরুল কায়েস দল নিয়ে আশাবাদী হলেও তারুণ্যের প্রতি আস্থা রেখে লক্ষ্য স্থির করেছেন শেখার দিকে, ‘এই দলটার অধিকাংশ ফুটবলারই অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের। চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলা দলের ১৯ জন এই স্কোয়াডে আছেন। ২৩ জনের দলে প্রবাসী চারজন ফুটবলারও রয়েছেন।’
বাংলাদেশের দলটিতে সদ্য সমাপ্ত এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে আলো ছড়ানো ফুটবলারদের আধিক্য। এ ছাড়া আছেন বেশ কয়েকজন উঠতি প্রবাসী, যারা গত জুনে উন্মুক্ত ট্রায়ালে এসে নজর কেড়েছেন। বাংলাদেশের লক্ষ্য নিয়ে কোচ কায়েস বলেন, ‘ব্রাজিল ও আর্জেন্টিনার এই দল দুটি সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। তবে লাতিন ফুটবলের সঙ্গে পরিচয় হতে আমাদের ফুটবলারদের জন্য এটি দারুণ একটা সুযোগ। আমাদের ছেলেরা অনেক কিছু শিখতে পারবে বলে আশা করছি। আমরা যতটা ভালো করতে পারি সেই লক্ষ্য থাকবে।’
দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার, যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোশোক চাকমা বলেন, ‘এই টুর্নামেন্ট নিয়ে আমি খুব শিহরিত। আশা করি ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে আমরা ভালো খেলা উপহার দিতে পারব। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব দুই ম্যাচে। ম্যাচ সহজ হবে না, তবে আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব।’
অন্যদিকে, লাতিন আমেরিকার দুই দলই টুর্নামেন্ট জয়ের প্রত্যয় ব্যক্ত করেছে। আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাবের কোচ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা খুব খুশি এখানে আসতে পেরে। এই টুর্নামেন্টে আমরা আর্জেন্টিনার স্কিল দেখানোর জন্য প্রস্তুত। সেরা ফুটবলার নিয়ে আমাদের এই দলটি করা হয়েছে।’ ব্রাজিলের ক্লাবটির কোচ লিওনার্দো বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রশংসা করে বলেন, ‘আমরা এখানে আসতে পেরে খুশি। বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে। আমরা সেরা খেলাটা দিয়ে টুর্নামেন্ট জিততে চাই।’
বাফুফের সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজন করছে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল। এর ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান জানান অনলাইনের পাশাপাশি ম্যাচের দিন স্টেডিয়ামের গেট থেকেও দর্শক টিকিট সংগ্রহ করতে পারবেন।