খালেদা জিয়ার পাশে জুবাইদা রহমান

লন্ডন থেকে দেশে ফিরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বেগম খালেদা জিয়ার খোঁজ নিয়েছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনি এখন সেখানে খালেদা জিয়ার পাশে অবস্থান করছেন।

এভারকেয়ার হাসপাতালে পৌঁছে তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার বিষয়েও তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি নিজে একজন চিকিৎসক হওয়ায় খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে করণীয় নিয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনা করেন।

এর আগে ডা. জুবাইদা রহমান এভারকেয়ারে পৌঁছলে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির সিনিয়র নেতারাসহ কর্তব্যরত ডাক্তাররা।

এদিন বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। লন্ডনের স্থানীয় সময় বহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেন।

এদিকে জানা গেছে, বেগম খালেদা জিয়াকে সঙ্গে করে লন্ডন নিয়ে যাবেন জুবাইদা রহমান। সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা হবে। এমন ব্যবস্থা করেছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

খালেদা জিয়াকে লন্ডন নিতে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে এই যাত্রা বিলম্ব হবে। সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। তবে চূড়ান্ত যাত্রা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। যদি কাতার এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া যায় দলটির পক্ষ থেকে বিকল্প উপায়ে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।