ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় অটোরিকশায় থাকা দুই মহিলা ও এক পুরুষসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই শিশুসহ চারজন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাওয়ার সময় পথিমধ্যে পূর্ব শদরদী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ জন নিহত হন। এতে অপর দুই শিশুসহ চারজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।