রোহিত-কোহলিকে নিয়ে এসব বন্ধ করুন- শাস্ত্রীর হুঁশিয়ারি

ভারতের সাবেক দুই অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ার নিয়ে গত কিছুদিন ধরেই বিতর্ক চলছে। তাদের ওয়ানডে ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে জল্পনা তুঙ্গে। আবার অনেকেই দুজনকে টেস্টে ফেরানোর দাবি তুলেছেন। টেস্ট থেকে তাদের অবসরের পেছনে কোচ গৌতম গম্ভীরের প্রভাব দেখছেন কেউ কেউ। এবার সবকিছু বন্ধ করতে বললেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।

সম্প্রতি ‘প্রভাত খবর’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘কোহলি এবং রোহিত ওয়ানডে ক্রিকেটের মহাতারকা। ওদের মতো খেলোয়াড়দের নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা চলবে না। কিছু লোক যা করছে, তা এখনই বন্ধ করা উচিত। কিছু মানুষ এটা করছে। তবে ওরা দুজন যদি ঠিকভাবে সুইচ অন করে দেয়, তাহলে যারা ঝামেলা করছে, সবাই কিন্তু পাশ থেকে সরে যাবে।’

ভারতীয় ক্রিকেটমহলে শাস্ত্রীর এই বক্তব্যকে অনেকেই বর্তমান নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের উদ্দেশে দেওয়া বার্তা হিসেবে দেখছেন। বিশেষ করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় কোহলি-রোহিতকে নিয়ে যেসব প্রশ্ন উঠছে, সেসব নিয়েই তিনি ক্ষুব্ধ। টেস্ট এবং ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর দু’জনের ম্যাচ প্র্যাকটিস ও ফিটনেস নিয়ে নানা বিশ্লেষণ চলছে। এ কারণে কোহলি এবং রোহিত দীর্ঘদিন পর ঘরোয়া ওয়ানডে লিগে খেলতে যাচ্ছেন।

শাস্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল- কোহলি এবং রোহিতকে নিয়ে কারা এই বিতর্ক তৈরি করছে? জবাবে শাস্ত্রী কারও নাম না করে বলেছেন, ‘যারা করার তারাই করছে। কিন্তু ওদের মাথা ঠিক হলেই কেটে পড়বে।’ কোহলি ও রোহিত দু’জনই ভারতের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে সফল ব্যাটারদের মধ্যে অন্যতম। চলতি প্রোটিয়া সিরিজে কোহলি জোড়া সেঞ্চুরি করেছেন। রোহিতও দারুণ খেলছেন। তাই তাদের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলাই অযৌক্তিক মনে করছেন বিশ্লেষকেরা।