‘ধ্বজো মেস্তরীর মরণ’ নাটকের আয়োজন করেছে মনিপুরী থিয়েটার

প্রতিবারের ন্যায় এবারও শীতকে বরণ করে নিতে মনিপুরী থিয়েটার নটমণ্ডপে শুরু হচ্ছে নাটকের বিশেষ প্রদর্শনী। প্রখ্যাত নাট্যকার শুভাশিস সিনহার নাট্যরূপ ও নির্দেশনায় মঞ্চস্থ হতে চলেছে বহু-আলোচিত নাটক ‘ধ্বজো মেস্তরীর মরণ’। নাটকটির শিল্পকলা, পরিবেশনা এবং গভীর জীবনবোধের কারণে এটি ইতিমধ্যেই দর্শক মহলে সাড়া জাগিয়েছে।

মনিপুরী থিয়েটার সূত্রে জানা গেছে, ‘ধ্বজো মেস্তরীর মরণ’ নাটকটি মণিপুরি থিয়েটারের অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ প্রযোজনা। এটি একটি প্রান্তিক কারিগরের জীবন, হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং আধুনিকতার স্রোতে মূল্যবোধের পরিবর্তন নিয়ে রচিত এক গভীর মানবিক গল্প।

স্মৃতিকুমার সিংহের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার সং মিশ্রিত এ নাটকে কথক বা সূত্রধরের ভূমিকায় আছেন জ্যোতি সিনহা। তরুণ ও বৃদ্ধ ধ্বজোর ভূমিকায় যথাক্রমে সমরজিৎ সিংহ ও বিধান সিংহ। আরও আছেন স্বর্ণালী সিনহা, শিউলী সিনহা, সুবর্ণা সিনহা, রাজকান্ত সিংহ, দীপ্তাংশু সিংহ, রুহিত সিংহ, সীমান্ত সিংহ, অনন্যা সিনহা, স্বর্ণালী শর্মা প্রমুখ। নাটকটির সংগীতে শর্মিলা সিনহা, বাদ্যে রনি সিংহ ও অঞ্জনা সিনহা। আলোক পরিকল্পনায় আসলাম অরণ্য। পোস্টার ও প্রকাশনায় সজলকান্তি সিংহ। প্রযোজনা ব্যবস্থাপনায় আপন সিংহ ও দেবজিৎ সিংহ।

নাট্যকার শুভাশিস সিনহা দেশ রূপান্তরকে বলেন, ‘মনিপুরী থিয়েটার এই শীতকালে ধ্বজো মেস্তরীর মরণ’ নাটকের পাঁচটি প্রদর্শনীর আয়োজন করেছে। 

আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে শনিবার (১৩ ডিসেম্বর) তিনদিনে মোট পাঁচটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে প্রদর্শনীর অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়ে গেছে।’